নিজস্ব প্রতিবেদক।।
আড়াইবাড়ী দরবার শরীফ, কুমিল্লার পীর ছাহেব আমীরে সাইফুল্লাহ মাওলানা গোলাম পরোয়ার সাঈদী কুরআন ও সুন্নাহর আলোকে দ্বীন প্রতিষ্ঠা, জীবন গঠন, হাক্কানি আলেমদের মূল্যায়ন ও ইসলামে শান্তির পক্ষে এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে হাক্কানি আলেম ওলামাদের চিন্তা চেতনাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। হাক্কানি আলেম ওলামাদের চিন্তা চেতনার সঠিক বাস্তবায়নের উদ্যোগ নেয়া হলে এদেশে ইসলাম বিরোধী অপতৎপরতা, ফেতনা-ফেসাদ ও উগ্রবাদিতা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

রবিবার (২৫ জানুয়ারি) বাদ ফজর কুমিল্লা নগরীর উত্তরচর্থা সৈয়দবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের ৫৫তম ইছালে ছাওয়াব মাহফিলে আখেরি মোনাজাতের আগে এসব কথা বলেন তিনি। শনিবার বাদ আসর থেকে শুরু হয়ে সারারাত ব্যাপী চলে এ মাহফিল।
আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর ছাহেব হাফেজ মাওলানা গোলাম জিলানী সাঈদী (রহ.) ও মাওলানা গোলাম ছাদেক সাঈদী (রহ.) স্মরণে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
আড়াইবাড়ি পীর ছাহেব আরও বলেন,ওলী আউলিয়া কেরামদের বদৌলতে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধাবোধ, সম্মান থাকতে হবে। আমরা বিশ্বাস করি, ইসলাম কায়েম হয়েছে উদারতায়। এদেশে সুফি সংস্কৃতি ও মাজারগুলো হলো ইসলামের গৌরব ও মর্যাদার প্রতীক। তাই অলি-আউলিয়ার মাজার, খানকাহ, দরগাহ শরীফে যারা হামলা, ভাঙচুর এবং বিরোধিতা করে তারা কখনোই ইসলামের অনুসারী হতে পারে না।
মোনাজাতে তিনি ইসলাম ও শরীয়তের পথে চলার, ন্যায় প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
মাহফিলে অন্যান্যদের মধ্যে বয়ান করেন, অধ্যক্ষ মাহফুর রহমান আশরাফী, মাওলানা গোলাম মাওলা ফারুকী, মাওলানা হাবিবুর রহমান ফরিদী, মাওলানা এনামুহল হক আজাদী মাওলানা হযরত আলী আনসারী, ঢাকা,হযরত মাওলানা আনিস মাহমুদ, নজরুল ইসলাম গুলজারী, মাওলানা কাউসার আহমেদ নুর সহ দরবারের খোলাফা কেরামগণ।