
স্টাফ রিপোর্টর।।
কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন।
সৈকতে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বীচকর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে করে চলাচলের সময় হঠাৎ সীমা আক্তারের ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।