কুমিল্লায় আজানের অপেক্ষায় মসজিদে মুয়াজ্জিনের মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার অপেক্ষায় মসজিদে বসে থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রী (৬০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।

Post Inside

নিহত শাহজাহান মিস্ত্রী একই গ্রামের আর্মি বাড়ির মৃত সুজত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে যান শাহজাহান মিস্ত্রী। প্রথমে তিনি হুজুরাখানা থেকে ইমাম মাওলানা নুরুল ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর মসজিদে গিয়ে নির্ধারিত সময়ে আজান দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

একপর্যায়ে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। তার পড়ে যাওয়ার শব্দ শুনে মসজিদে ছুটে যান ইমাম নুরুল ইসলাম। পরে তিনি মুসল্লি আবদুল ওয়াদুদ, মো. ইয়াছিন, ইসমাইল হোসেন ও মুয়াজ্জিনের ছেলে হাসানকে খবর দেন। তারা মসজিদে গিয়ে শাহজাহান মিস্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।

পরে মুসল্লি আবদুল ওয়াদুদ ফজরের আজান দেন। নামাজ শেষে শাহজাহান মিস্ত্রীর মরদেহ তার ছেলে হাসানসহ মুসল্লিরা বাড়িতে নিয়ে যান। একইদিন দুপুরে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও আজান দেওয়ার উদ্দেশ্যে শাহজাহান মিস্ত্রী মসজিদে আসেন। তাকে সজাগ করার পর তিনি আজান দেওয়ার জন্য মসজিদে অপেক্ষা করছিলেন। হঠাৎ তার পড়ে যাওয়ার শব্দ শুনে গিয়ে দেখি, তিনি মারা গেছেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হারিছ মাস্টার বলেন, ইমামের কাছ থেকে খবর পেয়ে শাহজাহান মিস্ত্রীর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছি।

আরো পড়ুন
error: Content is protected !!