কুমিল্লায় গাউসিয়া কমিটির উদ্যোগে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি

আলমগীর কবির।।
বিশ্বমানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জন্মমাস পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Post Inside

মঙ্গলবার (২৬ আগস্ট) আসর নামাজের পর নগরীর আশ্রাফপুর খানকা মসজিদ প্রাঙ্গণ থেকে এ র‌্যালি বের করা হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। র‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, সবুজ ত্রিকোণাকার চাঁদ–তারকাখচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার। ‘ইয়া নবী সালাম আলাইকা’, ‘মোস্তফা জানে রহমত পে লাখো সালাম’সহ হামদ–না’তে রাসুল ও নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী।

বিকেল সাড়ে ৫টা থেকে মুসল্লিরা কুমিল্লা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হন। পরে র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাউসিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া মাদরাসায় গিয়ে শেষ হয়।

স্বাগত র‌্যালি শেষে সমাবেশে বক্তারা গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী ১০ রবিউল আউয়াল (৪ সেপ্টেম্বর) ‘জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.)’ সফল করার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মোরশেদুর রহমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন খানকা-এ-ক্বাদেরিয়া তৈয়্যবিয়ার সভাপতি হাজী জিন্নাত আলী, গাউসিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া মাদরাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, গাউসিয়া কমিটি জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আনসারী, অর্থ সম্পাদক মিনহাজ উদ্দিন (টিপু), সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, মানবিক টিমের সদস্য মোহাম্মদ জাবের হোসাইন, নোয়াগাঁও জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান আশেকী, মাওলানা কাউসার, মাওলানা ওমর ফারুক, হাফেজ রাশেদসহ অনেকে।

আরো পড়ুন
error: Content is protected !!