কুমিল্লায় গোমতী নদীর চরের ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের গোমতী নদীর চরসংলগ্ন কাচিয়াতলী এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে স্থানীয়দের নজরে মরদেহটি এলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

Post Inside

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোমতী নদীর চরের পাশে একটি ডোবায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে মরদেহে পচন ধরেছে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!