কুমিল্লায় জামায়াত-বিএনপি সংঘর্ষ, বাড়ী-ঘর ভাংচুর; আহত ১৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা শেষে ফেরার পথে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১৪ জন আহত হয়েছেন।

Post Inside

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কিছু বাড়ী-ঘরে হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- শিবির কর্মী রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল, কাজী রাসেল, রিফাত সানি এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলেমান চৌধুরী। তাৎক্ষণিকভাবে আহত অন্যদের পরিচয় জানা যায়নি। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কুমিল্লা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে শনিবার দুপুরে চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সমাবেশ শেষে জামায়াতের নেতাকর্মীরা বাড়ি ফেরার সময় হাটবাইর গ্রাম এলাকায় পৌঁছলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে উসকানিমূলক কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন অভিযোগ করে বলেন, “আমিরে জামায়াতের সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির মিজান খান, গাজী ইয়াছিন ও মোবারক চৌধুরীর নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তবে এ অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা মিজান খান ও মোবারক চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন
error: Content is protected !!