
স্টাফ রিপোর্টার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার পশ্চিম নাসিরাবাদ এলাকার আজিজ মিয়ার ছেলে মোহাম্মদ ফিরোজ (৪৬) এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের নয়ানগর পশ্চিমপাড়া এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ মিলন গাজী।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। পরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়িটির চালকের পাশের দরজার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ইয়াবা উদ্ধারের পর গাড়িতে থাকা মোহাম্মদ ফিরোজ ও মোহাম্মদ মিলন গাজীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।