কুমিল্লায় ট্রাক থেকে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ট্রাক থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার ভোর রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নাজিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১১ সিপিসি ২ কুমিল্লার একটি দল।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।

Post Inside

তিনি জানান, সোমবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নাজিরা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে আসামী মোঃ নূর নবী (৬৫) এবং মোঃ আব্দুর রহীম উল্লা (২৬) নামক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ নূর নবী (৬৫) চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার পূর্ব হাসনাবাদ গ্রামের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে এবং মোঃ আব্দুর রহীম উল্লা (২৬) একই জেলার আকবর শাহ থানার বিশ্ব কলোনী কাচাঁবাজার গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে জব্দকৃত মিনি ট্রাক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
error: Content is protected !!