
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে অপরিপক্ব কলায় বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে পাকানোর দায়ে একটি কলার আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় রাসায়নিক দিয়ে পাকানো কলাগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার স্টেশন রোড ও রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে হালিমের কলার আড়তে অপরিপক্ব কলা রাসায়নিক পদার্থ দিয়ে পাকানোর বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে জনসমক্ষে মুচলেকা দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। অভিযানে এলাকার মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানও তদারকি করা হয়। এসব প্রতিষ্ঠানকে ভবিষ্যতে অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।