
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়ার ১৫ ঘণ্টা পর দেশে ফিরেছেন পুলিশের দুই সদস্য।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তাঁদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁরা শারীরিকভাবে সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে পুলিশ।

ফেরত পাওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, বিএসএফের কাছ থেকে ফেরত পাওয়া দুই পুলিশ সদস্য শারীরিকভাবে সুস্থ আছেন। তাঁরা বর্তমানে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টায় ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ২০৫৭ নম্বর সীমান্ত পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএসএফ দুই পুলিশ সদস্যকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরীফুল ইসলাম এবং কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আটক হন ওই দুই পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে সীমান্ত অতিক্রম করে ভারতের অংশে প্রবেশ করেন। পরে তাঁকে ফিরিয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনও আটক হন। একপর্যায়ে ভারতীয় নাগরিকেরা তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করেন।
ঘটনার পর থেকে দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ ও আলোচনা চলছিল। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আটকের পর শুক্রবার দুপুর দেড়টায় পতাকা বৈঠক শুরু হয়। আটকের প্রায় ১৫ ঘণ্টা পর তাঁদের ফিরিয়ে আনার মধ্য দিয়ে ঘটনার অবসান ঘটে।