হোমনার চান্দেরচরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন তিন শতাধিক মানুষ

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলার প্রত্যন্ত চান্দেরচর ইউনিয়নের শোভারামপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন তিন শতাধিক নারী-পুরুষ। ফাইজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত শোভারামপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে আশপাশের বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে উপস্থিত হন।

Post Inside

রামকৃষ্ণপুর ইবনে সিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পে বিদ্যালয়ের সভাপতি মো. মনিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বড় বোন এবং মেঘনা উপজেলা মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ফাতেমা আক্তার খানম।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক মো. শহিদুল্লাহ। তিনি দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রামকৃষ্ণপুর ইবনে সিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম।

এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন।

স্থানীয়দের মতে, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যারা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তাদের জন্য এ ধরনের মেডিকেল ক্যাম্প কিছুটা হলেও স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি করছে।

আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!