
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়ায় বেলুন গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে তাবাচ্ছুম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার শরাপতি গ্রামে নানার বাড়িতে বেলুন নিয়ে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাবাচ্ছুম বরুড়া পৌরসভার কশামী গ্রামের মসজিদ বাড়ির বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে। দুই দিন আগে শিশুটির আকিকা অনুষ্ঠিত হয়েছিল।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে নানার বাড়িতে বেলুন নিয়ে খেলছিল তাবাচ্ছুম। একপর্যায়ে বেলুনটি মুখ দিয়ে গলায় আটকে গেলে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের সদস্যরা বেলুনটি বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তাকে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ইসিজি পরীক্ষার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা কাউছার আহমেদ বলেন, হাসপাতালে গিয়ে শিশুটির হাত-পা ঠান্ডা দেখতে পান। পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারেন, বেলুন মুখে দেওয়ার পরই তার অস্বাভাবিক আচরণ শুরু হয়। বেলুনটি বের করার চেষ্টা করেও সফল হওয়া যায়নি।
শিশুটির দাদা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক বলেন, বেলুন গলায় আটকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বেলুন শ্বাসনালিতে ঢুকে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।