কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীন বড়জ্বালা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে ৫ হাজার ৬৫৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করে।

Post Inside

সোমবার বিকেলে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা ৫ হাজার ৬৫৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।

বিজিবি জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৭ কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৩৯২ টাকা। একই সময়ে ১৭৫ কোটি ৬ লাখ ৫৯ হাজার ১২৩ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। মাদক ও চোরাচালানি পণ্যসহ জব্দ করা মালামালের মোট মূল্য ১৮২ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৫১৫ টাকা। এসব ঘটনায় আটক করা হয়েছে মোট ৬৫ জনকে।

এ ছাড়া মানব পাচারবিরোধী অভিযানে পাঁচজন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, পুশ-ইন, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার রয়েছে। সীমান্তের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!