
স্টাফ রিপোর্টার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কালিশ্বর রাস্তার মাথায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের শফিক মিয়ার ছেলে অটোরিকশাচালক আব্দুল মতিন (৩৫) এবং হিঙ্গলা গ্রামের আহসানুল্লাহর ছেলে যাত্রী মোহাম্মদ আরিফ (৩০)।
পুলিশ জানায়, নাম্বারবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এ সময় চালকসহ অটোরিকশায় থাকা পাঁচজন আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল মতিন ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মোহাম্মদ ইয়াকুব (৩৯) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই আহত মো. রাসেল (৪০) ও সুফিয়া বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।