
নিজস্ব প্রতিবেদক।।
‘জনপ্রতিনিধি হয়ে জনগণের হক আত্মসাৎ করার দিন শেষ। জনপ্রতিনিধির চেয়ারে বসে সেবা দেওয়ার নামে খামখাম করার যুগও শেষ হয়ে গেছে। এখন সময় এসেছে আগে কাজ, পরে ভোট চাওয়ার। শুধু ভোটের সময় নয়, ভোটের আগেই জনগণের কল্যাণে কাজ করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। কারণ, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা কখনোই জনগণের প্রকৃত সেবক হতে পারেন না।’
এমন বক্তব্যের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বের প্রচলিত ধারায় পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার বুড়িচং উপজেলার ৭ নম্বর মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. গোলাম সারোয়ার। একই সঙ্গে তিনি মোকাম ইউনিয়নকে একটি আধুনিক, মানবিক, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, অঙ্গীকার ও প্রতিশ্রুতির বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে কুমিল্লা শহরের একটি কনভেনশন হলে তাঁর মমতাময়ী মা আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি তাঁর মরহুম পিতা বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব জুনাব আলী এবং মায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দানবীর পিতার আদর্শ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে ধারণ করে মোকাম ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে মোকাম ইউনিয়নের মুরুব্বী, যুবক, তরুণসহ কুমিল্লা শহরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
নিজের নির্বাচনি ভাবনা তুলে ধরে গোলাম সারোয়ার তাঁর বক্তব্যে বলেন, শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যাওয়া কিংবা ভোট চাওয়াই জনপ্রতিনিধির দায়িত্ব নয়। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, এলাকার সমস্যা চিহ্নিত করা এবং সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই প্রকৃত নেতৃত্বের পরিচয়। তিনি আরও বলেন, আমি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করি।জনপ্রতিনিধি হওয়ার অর্থ মানুষের ওপর কর্তৃত্ব করা নয়, বরং মানুষের কাছে দায়বদ্ধ থাকা। জনগণের অর্থ ও অধিকার রক্ষা করা এবং প্রতিটি কাজের জবাবদিহি নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, অঙ্গীকার ও প্রতিশ্রুতি তুলে ধরে গোলাম সারোয়ার ইতোমধ্যে একটি বিস্তারিত নির্বাচনি কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন। এতে তিনি মোকাম ইউনিয়নকে একটি মানবিক, উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
কর্মপরিকল্পনায় প্রশাসন বিকেন্দ্রীকরণ ও উপদেষ্টা পরিষদ গঠন প্রসঙ্গে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের সার্বিক ক্ষমতা এককভাবে চেয়ারম্যানের হাতে কেন্দ্রীভূত না রেখে মোকাম ইউনিয়নের ২৭টি গ্রামে সার্চ কমিটির মাধ্যমে ১১ জন বিশিষ্ট সমাজসেবক ও নাগরিকবৃন্দের সমন্বয়ে কমিটি গঠিত হবে, তাদের মধ্যে একজন গ্রহণযোগ্য ব্যক্তি চেয়ারম্যানের উপদেষ্টা হবেন। এভাবে ২৭টি গ্রাম থেকে ২৭জন উপদেষ্টা, সংখ্যালগু সম্প্রদায় হতে ৩জন উপদেষ্টা, নির্বাচিত ৯জন ওয়ার্ড মেম্বার, সংরক্ষিত আসনের ৩জন মহিলা মেম্বার এবং চেয়ারম্যানসহ সর্বমোট ৪৩জন প্রতিনিধির সমন্বয়ে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। পদাধিকার বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। সকল সদস্যের সম্মিলিত পরামর্শে ইউনিয়ন পরিষদ পরিচালিত হবে।
তাঁর প্রকাশিত কর্মপরিকল্পনায় ইউনিয়ন পরিষদের সেবাকে আরও জনমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, কৃষি ও কৃষকের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, যুবসমাজের কর্মসংস্থান, নারী উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করা এবং ইউনিয়ন পরিষদকে মানুষের আস্থা ও ভরসার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশাও তুলে ধরেছেন কর্মপরিকল্পনায়।
উল্লেখ্য, গোলাম সারোয়ারের মরহুম পিতা আলহাজ্ব জুনাব আলী কুমিল্লা জেলায় একজন দানবীর ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি মোকাম ইউনিয়নে প্রায় তিন দশক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা বিস্তারে অবদান ও জনকল্যাণমূলক উদ্যোগের স্মৃতি স্থানীয় মানুষের কাছে এখনও স্মরণীয়। গোলাম সারোয়ার তাঁর বাবার সেই মানবিক আদর্শ ধারণ করে মোকাম ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই নির্বাচনি মাঠে নামার ঘোষণা দিয়েছেন।