কুমিল্লায় ট্রেনে বিজিবির অভিযান: সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এক কোটি ৩১ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ জুন বিশেষ একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে কুমিল্লা ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সদস্যদের সমন্বয়ে এ টাস্কফোর্স গঠন করা হয়।

Post Inside

পরে বিকেল সাড়ে ৪টার দিকে টাস্কফোর্সের সদস্যরা কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালান। এ সময় ট্রেনের বিভিন্ন বগিতে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের আতশবাজি, কসমেটিকস সামগ্রী এবং বাসমতি চাল রয়েছে। উদ্ধার হওয়া এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা।

বিজিবি জানায়, জব্দ করা চোরাচালানি মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!