কুমিল্লায় ধান কাটার শ্রমিক সেজে বাড়িতে অবস্থান, রাতে ডাকাতি ও বৃদ্ধা হত্যা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় শ্রমিক পরিচয়ে বাড়িতে অবস্থান নিয়ে ডাকাতির সময় এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ডাকাতির পর পালিয়ে গেছে।

রোববার সকাল সাতটার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Post Inside

নিহত সমিরন বেগম (৬০) ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ায় জমি থেকে পানি নিষ্কাশন ও ধান কাটার কাজের জন্য ৫ দিন আগে চারজন শ্রমিককে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ভাড়া করে আনা হয়। তারা নিজেদের রংপুরের বাসিন্দা বলে পরিচয় দেয় এবং কাজের সুবিধার্থে বাড়িতেই অবস্থান করছিল।

বাড়িটি টিনশেড হওয়ায় এক কক্ষে বৃদ্ধ স্বামী, অন্য কক্ষে চার শ্রমিক এবং পাশের কক্ষে সমিরন বেগম থাকতেন।

শনিবার গভীর রাতে সুযোগ বুঝে ওই চার ব্যক্তি প্রথমে বৃদ্ধ স্বামীকে অচেতন করে ফেলে। পরে সমিরন বেগমকে বেঁধে তার কানের স্বর্ণালংকারসহ ঘরে থাকা নগদ প্রায় ৭০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় সমিরন বেগম বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

রোববার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

সুহিলপুর ইউনিয়নের সদস্য মহিউদ্দিন বলেন, “যারা শ্রমিক পরিচয়ে এসেছিল, তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাশের বাড়িতে ছেলেরা থাকলেও কেউ কিছু টের পায়নি। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!