
জহিরুল হক বাবু।।
চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ হওয়ার মাত্র ১২ ঘণ্টা পর সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত বুলেট বৈরাগী কুমিল্লা নগরীর পানপট্টি এলাকার সুশীল বৈরাগীর ছেলে।
নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তিনি চট্টগ্রাম-এ প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন। সর্বশেষ পরিবারের সঙ্গে তার কথা হয় রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে, তখন তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান।
এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানা-এ একটি অভিযোগ দায়ের করা হয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মহাসড়কের আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।
ওসির দেওয়া তথ্যমতে, মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডল কিছুটা রক্তাক্ত ছিল।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নিখোঁজের বিষয়ে পরিবার জিডি করেছিল। পরবর্তীতে মরদেহ উদ্ধারের পর স্বজনরা তা শনাক্ত করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।