কুমিল্লায় নির্মাণাধীন ভবনে চাঁদা দাবির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার

কুমিল্লা নিউজ।।
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী জোর করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে মোমিন আহমেদ ভূঁইয়া ওরফে ‘কানা মমিন’ (৩৮) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ ট্রাকসহ আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দক্ষিণ ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

Post Inside

গ্রেপ্তার মোমিন দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মৃত নান্নু ভূঁইয়ার ছেলে।

এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল ঠাকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নির্মাণাধীন ভবনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ মোমিনকে আটক করা হয়। চাঁদা না পেয়ে রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী জোরপূর্বক নিয়ে যাওয়ার জন্য আনা একটি ট্রাকও উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ঠাকুরপাড়া এলাকার নির্মাণাধীন ভবনগুলোকে লক্ষ্য করে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল মোমিনের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভবন মালিক ও শ্রমিকদের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া নির্মাণাধীন ভবন থেকে রড, বৈদ্যুতিক তার ও বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগও স্থানীয়দের কেউ কেউ করেছেন।

এসআরবি-১১ জানায়, গ্রেপ্তার মোমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ পাঁচটির বেশি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য বলে তথ্য পাওয়া গেছে।

মোমিনকে গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এসআরবি-১১-এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!