স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত ছুরিকাঘাতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রবিউল (৩৫)। তিনি মির্জানগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। গুরুতর আহত ফয়সাল কবীর আগানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের ছেলে। নিহত রবিউলের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ফয়সাল কবীর একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মির্জানগর এলাকার পুরান পাগলা বাজারে শফিকের চায়ের দোকানে রবিউল, জাকিরসহ কয়েকজন বসে চা পান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে পেছন দিক থেকে হঠাৎ একদল দুর্বৃত্ত রবিউল ও ফয়সালের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যান এবং ফয়সাল কবীর গুরুতর আহত হন।
আহত ফয়সাল কবীর জানান, মির্জানগর গ্রামের মৃত সুজাত আলীর ছেলে রব, আলমের ছেলে নূর নবী ও মহিন, আবদুর রবের ছেলে ময়নাল এবং টুক্কু মিয়ার ছেলে কুদ্দুসসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত রবিউলের বড় ভাই দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, পারিবারিক ও পৈতৃক জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি গ্রামে অনুষ্ঠিত একটি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধও ছিল। এসব বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মির্জানগর গ্রাম ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।