কুমিল্লায় ফজরের নামাজে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর পুকুর থেকে জারু মিয়া (৯০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জারু মিয়া ওই গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিবেশী জাফর মিয়া।

Post Inside

মৃত জারু মিয়ার ছেলে আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে তার বাবা ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি।

পরে দুপুর ২টার দিকে নালঘর দক্ষিণপাড়া পুতার বাড়ি পূর্বপাড়া মসজিদের সামনের পুকুরে আমির হোসেন জাল ফেলে তল্লাশি করলে জারু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের ধারণা, পুকুরের ঘাটে অজু করার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যেতে পারেন তিনি।

স্থানীয় বাসিন্দা জাফর মিয়া বলেন, জারু মিয়া এলাকার একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন।

বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হওয়ার পর দুপুরে পুকুরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় মসজিদের ইমাম সিরাজুল ইসলাম বলেন, ফজরের নামাজ শেষে জারু মিয়াকে মসজিদে দেখতে না পেয়ে মুসল্লিদের কাছে জানতে চান। পরে তার ছেলে আনোয়ারের মাধ্যমে জানতে পারেন, নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে জারু মিয়া আর ফেরেননি। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে মসজিদের সামনের পুকুরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়। রাতে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, এ বিষয়ে কেউ আমাদের জানায়নি। পরিবারেরও কোনো অভিযোগ নেই।

আরো পড়ুন
error: Content is protected !!