কুমিল্লায় বাস–অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নুর ইসলাম মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪২) ও তার মেয়ে নুসরাত জাহান (৪)। আহতদের মধ্যে রয়েছেন নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম, এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম এবং অটোরিকশাচালক নিজাম উদ্দিন।

Post Inside

মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল জাব্বার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে চৌদ্দগ্রাম বাজারে পারিবারিক কেনাকাটা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। এ সময় নবগ্রাম এলাকায় উল্টো পথে চলার সময় কে কে ট্রাভেলসের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী জেসমিন আক্তারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের কুমিল্লায় পাঠানো হয়। গুরুতর আহত নুসরাত জাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল হাসান জানান, জেসমিন আক্তারকে হাসপাতালে আনার আগেই মৃত পাওয়া যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন জানান, এ ঘটনায় বাসের চালক শাফায়েত হোসেন আশিককে আটক করা হয়েছে। আটক চালকের বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!