
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের টেটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার ও বিএনপি নেতা আব্দুল বারেকের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে বারেকের লোকজন রবি সরকারের লোকজনের ওপর হামলা চালায়। পরে রবি সরকারের লোকজন পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে নলচর গ্রামে রবিউল্লাহ রবি ও বারেক প্রধানের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।