জহিরুল হক বাবু।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বাজি জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (১৮ জানুয়ারি ২০২৬) ভোর ৩টা ও সকাল ৮টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সীমান্তের প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুড়াপাড়া এবং ১০০ গজ অভ্যন্তরে পাহাড়পুর এলাকায় বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, থ্রি-পিস ও বাজি জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা। উদ্ধারকৃত যানবাহন ও মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।