
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার ৪৫৭ পিস ইয়াবা ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীসহ মোট ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলার সব থানায় একযোগে মাদকের বিরুদ্ধে ব্যাপক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলার বিভিন্ন এলাকায় মোট ৪৩টি মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন স্থান থেকে ১০ হাজার ৪৫৭ পিস ইয়াবা ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব ঘটনায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে সর্বমোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।