
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোটে এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট গাঙ্গের পাড় দারুসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম হাফেজ বেলাল হোসেন (২৩)। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে এবং ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক।

স্থানীয় ফয়েজ মোল্লা জানান, সকালে মাদ্রাসার পাশের বাড়ির আত্মীয়স্বজনরা সেখানে এসে শিক্ষক বেলাল হোসেনের বিরুদ্ধে শিশুটিকে নির্যাতনের অভিযোগ তোলেন। উপস্থিত লোকজনের সামনে ভুক্তভোগী শিশুটি জানায়, শনিবার গভীর রাতে শিক্ষক বেলাল হোসেন তার ওপর যৌন নির্যাতন চালান। পরে ভুক্তভোগীর স্বজনরা থানায় খবর দিলে পুলিশ এসে ওই শিক্ষককে আটক করে।
স্থানীয় বেলাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তারা দৃষ্টান্তমূলক বিচার দাবি জানান।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।