কুমিল্লায় মুরগির খোঁয়াড়ের নিচে ৬ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বসন্তপুর এলাকায় ঝোপের মধ্যে মুরগির খোঁয়াড়ের নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয়টি গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা পিস্তলটির গায়ে ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে। গুলিগুলোর গায়েও ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আজ রোববার নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

Post Inside

পুলিশ জানায়, বসন্তপুর এলাকায় একটি ঝোপের মধ্যে মুরগির খোঁয়াড়ের নিচে রুমাল দিয়ে পেঁচিয়ে বিশেষ কৌশলে পিস্তল ও গুলি লুকিয়ে রাখা হয়েছিল। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি করে সেগুলো উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে বসন্তপুর এলাকায় সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী দেলোয়ারের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী রোকসানা আক্তারের বাম পায়ে গুলি করার ঘটনায় এই পিস্তল ব্যবহার করা হয়ে থাকতে পারে। ওই সময় পারভেজসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন বলেও প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক শরীফ ইবনে আলম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। উদ্ধার করা পিস্তল ও গুলি ওই মামলায় আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গুলিবর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। উদ্ধার করা পিস্তলটি ২৪ সেপ্টেম্বরের ঘটনায় ব্যবহার করা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!