
জহিরুল হক বাবু।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্টের নিশ্চিন্তপুর এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীসহ স্থানীয়রা।
মঙ্গলবার (৫ মে) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মহাসড়কটির উভয় পাশে কুমিল্লা সেনানিবাস থাকায় এলাকায় যান চলাচল অত্যন্ত বেশি। এর আশপাশে অল্প দূরত্বের মধ্যে ১০ থেকে ১২টি স্কুল, কলেজ ও মাদ্রাসা, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ফলে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, “প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক পার হয়। দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে। তাই একটি ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি।”
আসলাম খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার বিথী বলেন, “শিক্ষার্থীরা প্রতিদিন আতঙ্ক নিয়ে রাস্তা পারাপার করে। আমরা আর কোনো দুর্ঘটনা দেখতে চাই না। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।”
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও স্থানীয়রা জানান, অতীতে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনমনে ক্ষোভ বাড়ছে। তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন, সাজ্জাদ সাজু, কামরুল হাসান, নুরুল হক ও কাজী মাসুমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন মহল অংশ নেন।