
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় জেলার বিভিন্ন থানায় ৪৪টি সাঁড়াশি অভিযান চালিয়ে ১ হাজার ৫১৭ পিস ইয়াবা, ৭২ কেজি গাঁজা, নগদ অর্থ ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলার সব থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীন বলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে গত ১৬ আগস্ট থেকে জেলায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় ৪৪টি সাঁড়াশি অভিযান চালিয়ে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।