কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৯ দিন ধরে নিখোঁজ আলিফ, শাহিনেরও খোঁজ নেই ৭ দিন

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের দুই স্কুলছাত্রের নিখোঁজের ঘটনায় তাদের পরিবারসহ উপজেলায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাদের একজন ১৯ দিন ধরে এবং অন্যজন ৭ দিন ধরে নিখোঁজ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ১৫ বছর বয়সী আলিফ ভূঁইয়া। আর গত ২৬ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছরের মোহাম্মদ শাহিন।

Post Inside

নিখোঁজ আলিফ ভূঁইয়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের বড়বাড়ির বাপ্পির হোসেন ভূঁইয়ার ছেলে। সে উপজেলা সদরের ওশান হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আর মোহাম্মদ শাহিন একই গ্রামের দক্ষিণ পাড়ার শামসুল আলমের ছেলে। সে বড়ধুশিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

তাদের পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আলিফ। এরপর আর বাড়ি ফেরেনি সে। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডি নম্বর ৭২২। তার সন্ধান পাওয়া গেলে পরিবারের পক্ষ থেকে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৩৫৪৩৫০০০৬, ০১৭২৬৮৫০৯৪৫।

অন্যদিকে, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শাহিন। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ছয় দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় সাধারণ ডায়েরি ( জিডি ) করা হয়েছে। জিডি নম্বর ১২৩৩। তার সন্ধান পাওয়া গেলে পরিবারের পক্ষ থেকে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৭২৬০০৭০৩৬, ০১৯১৫৯৯০৯৪৪।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, দুই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় থানায় পৃথক জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজদের অবস্থান শনাক্ত ও উদ্ধারে মোবাইল কল লিস্টসহ তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!