কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও বিদেশী মদসহ তিন মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার সদর দক্ষিণ ও কোতয়ালি থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও বিদেশী মদসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা’র একটি দল রোববার ভোর রাতে জেলার সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ৪ হাজার ৬৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহামুদুন নবী রিপন নামে এক মাদক কারবারীকে আটক করে। সে রংপুর জেলার, বদরগঞ্জ থানার, শাহাপুর গ্রামের মোঃ খলিল মন্ডল এর ছেলে।

অপর একটিদল কোতয়ালি থানার আমতলী বিশ্বরোড এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানে মোটরসাইকেলে করে গাঁজা ও বিদেশী মদ পরিবহনের সময় ৬ কেজি গাঁজা ও ৩ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলো- রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর থানার দক্ষিণ ভবানীপুর গ্রামের মোঃ একরাম মিয়ার ছেলে মোঃ রুবেল ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার লুদুয়া গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে অয়ন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা, গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!