
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মাদক সরবরাহে বাধা দেওয়াকে কেন্দ্র করে হাবিবুর রহমান রায়হান নামের এক ছাত্রদল নেতাকে মারধর করা হয়েছে বলে দাবি করেছেন তার সহপাঠীরা।
আহত রায়হান প্রতিষ্ঠানটির পাওয়ার ডিপার্টমেন্টের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি কুমিল্লার সালমানপুর এলাকার আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী হিসেবে পরিচয় দেওয়া কম্পিউটার ডিপার্টমেন্টের শিক্ষার্থী আলিফ মমিন জানান, মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ক্যাম্পাসে রায়হানের ওপর হামলা চালানো হয়। তার দাবি, ছাত্রলীগের কয়েকজন নেতা ও বহিরাগতরা এ হামলায় জড়িত। এতে রায়হানের মাথা ফেটে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
আলিফ মমিন আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে হলে বহিরাগতদের মাধ্যমে মাদক সরবরাহ করে আসছিল। রায়হান এতে বাধা দিলে তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত রায়হানকে দেখতে যান কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমাদাদুল হক ধিমান, কুমিল্লা মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ও মহানগর সভাপতি নাহিদ রানা সহ নেতাকর্মীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, “মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় রায়হানের ওপর হামলা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের আইনের আওতায় এনে ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক।”
এ বিষয়ে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষক রুহুল আমিন জানান, রায়হানের মাথায় গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকেরা সিটি স্ক্যানের পর বিস্তারিত জানাতে পারবেন। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।