
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা শাড়িগুলো বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।