চান্দিনায় সাবিনা হত্যা মামলা ভিন্নখাতে নিতে বাদীর বিরুদ্ধে মামলা; নিরপেক্ষ তদন্তের দাবি

রেজাউল করিম রাজু।।
কুমিল্লার চান্দিনা উপজেলার আলোচিত সাবিনা হত্যা মামলা নতুন মোড় নিয়েছে। মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

রোববার সকালে উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, সাবিনাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন তার স্বামী। হত্যার পর মরদেহ গোসলখানায় গুম করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়। পরে সাবিনার স্বামী মোহাম্মদ আবুল খায়ের শাশুড়িকে ফোন করে মৃত্যুর খবর জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Post Inside

ঘটনার পর সাবিনার স্বামীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, মামলার দায় এড়াতে আসামিপক্ষ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এলাকার বাক ও মানসিক-শারীরিক প্রতিবন্ধী নারী মরিয়মের স্বাভাবিক মৃত্যুকে হত্যা হিসেবে দেখিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় সাবিনা হত্যা মামলার বাদী মোহাম্মদ ময়নাল হোসেনকে আসামি করে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, সাবিনার বাবা গ্রেপ্তার হওয়ার পর কিছু প্রভাবশালী ব্যক্তি দুইটি মামলা আপস-মীমাংসার জন্য বাদীপক্ষকে হুমকি-ধমকি দিচ্ছেন।

এ অবস্থায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী। একই সঙ্গে তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরো পড়ুন
error: Content is protected !!