ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে যাত্রীরা

স্টাফ রিপোর্টার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টা পর্যন্ত কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দি টোলপ্লাজা হয়ে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী, চালক ও পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা।

জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়। দিন দিন গর্তটি বড় হয়ে ওঠায় সেখানে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় শুক্রবার সকাল ১১টার দিকে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ।

Post Inside

সংস্কারকাজের সময় মহাসড়কের দুই লেনের একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিশেষ করে সন্ধ্যার পর বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ দূরপাল্লার বিপুলসংখ্যক যানবাহন এক লেন দিয়ে চলাচল করতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

একপর্যায়ে আষাড়িয়ারচর ব্রিজ এলাকা থেকে যানজট ছড়িয়ে পড়ে দাউদকান্দি টোলপ্লাজা পেরিয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত। কোথাও যানবাহন অত্যন্ত ধীরগতিতে চললেও অধিকাংশ স্থানে গাড়িগুলো দীর্ঘ সময় প্রায় স্থির অবস্থায় রয়েছে। এতে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

যানজটে আটকে থাকা কয়েকজন চালক জানান, ব্রিজ এলাকায় পৌঁছানোর পর যানবাহনের গতি একেবারে কমে যাচ্ছে। অনেক গাড়ি ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে রয়েছে। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। পণ্যবাহী যানবাহনের চালকরাও পড়েছেন চরম ভোগান্তিতে।

যানজটে আটকে থাকা বাসযাত্রী মাহাবুব আলম বলেন, সন্ধ্যায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। রাত সাড়ে ১১টা পর্যন্ত দাউদকান্দিতে পৌঁছাতে পারিনি। ঘণ্টার পর ঘণ্টা ধরে একইভাবে আটকে আছি। এত দীর্ঘ যানজটে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, যানজটের মূল কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজ। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা বিস্তারিত জানাতে পারবে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম বলেন, “আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের এক লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। এতে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। সংস্কারকাজ দ্রুত শেষ করে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরো পড়ুন
error: Content is protected !!