দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কুমিল্লা জেলা পুলিশের মতবিনিময়

স্টাফ রিপোর্টার।।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে জেলা পুলিশ।

Post Inside

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

সভায় জেলার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা চলাকালীন করণীয়-বর্জনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মণ্ডপের সার্বিক নিরাপত্তায় পূজা উদযাপন কমিটি ও নিরাপত্তা সহায়তা কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন।

পুলিশ সুপার বলেন, “সবার সম্মিলিত সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে।”

সভায় কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট ও পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

আরো পড়ুন
error: Content is protected !!