বার্ডে কৃষি প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ক কর্মশালা; বক্তাদের অভিমত ‘কৃষি বাংলাদেশের প্রাণ’

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্তৃক বাস্তবায়নাধীন ‘গ্রাম সংগঠনের মাধ্যমে প্রতিবেশ উপযোগী কৃষি প্রযুক্তির সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা বলেছেন, “কৃষি বাংলাদেশের প্রাণ”—দেশের খাদ্য নিরাপত্তা, অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে কৃষি ওতপ্রোতভাবে জড়িত।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর মহাপরিচালক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।

Post Inside

কর্মশালায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন বার্ডের কৃষি ও পরিবেশ পরিচালক এবং প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আজিজুর রহমান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল। উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন বার্ডের পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুর রহিম বলেন, বর্তমান সময়ে কৃষিখাতে জলবায়ু পরিবর্তনসহ নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকল্পের কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে কাজ করবে।

সভাপতির বক্তব্যে সাইফ উদ্দিন আহমেদ বলেন, “কৃষি বাংলাদেশের প্রাণ। কৃষি শুধু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে না, এটি আমাদের সমাজ ও সংস্কৃতির উপরও গভীর প্রভাব ফেলে।” তিনি বাংলাদেশের কৃষির সামগ্রিক অবদান, নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই কৃষি উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

প্রকল্প সম্পর্কে তিনি আরও বলেন, এটি বাস্তবায়িত হলে ক্ষুদ্র কৃষকদের সংগঠিত করা, পুঁজি গঠন এবং টেকসই উন্নয়নের ধারায় কৃষকদের অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বার্ডের মোট ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বার্ডের সহকারী পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক আব্দুল্লা-আল-মামুন।

আরো পড়ুন
error: Content is protected !!