ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১

আতাউর রহমান।।
অভিনব কৌশলে রিকশাভ্যানের বডির নিচে বিশেষভাবে বানানো হয়েছিল গোপন কক্ষ। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না, ভ্যানটি মাদক বহনে ব্যবহার করা হচ্ছে।

তবে পুলিশের তল্লাশিতে বেরিয়ে আসে সেই গোপন কক্ষ। সেখান থেকে উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা। এ ঘটনায় মো. আলম হোসেন ( ৪০ ) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

Post Inside

মঙ্গলবার ( ৬ অক্টোবর ) সকালে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার ( ৫ অক্টোবর ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশু হাসপাতাল সড়কের পশ্চিমপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আলম হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার সদরের পশু হাসপাতাল সড়কের পশ্চিমপাড়া এলাকায় একটি রিকশাভ্যানের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। ভ্যানটির ভেতরে কোনো মালামাল ছিল না। এ সময় ভ্যানটি দেখে মনে হচ্ছিল যেন খালি ভ্যান। পরে সন্দেহ হওয়ায় ভ্যানের বডির নিচে তল্লাশি চালালে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পান পুলিশ সদস্যরা। চেম্বারটি খুলে সেখান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে পুলিশ।

আরো পড়ুন
error: Content is protected !!