
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই এলাকায় মাদক সেবনের দায়ে মো. মাহবুব (৪৫) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সেবনের অভিযোগে মাহবুবকে আটক করা হয়। পরে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদালতে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মো. মাহবুবকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. মাহবুব ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।