ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটযুদ্ধে কুমিল্লার তিন কৃতি সন্তান

ভেনিস, ইতালি থেকে: সরকার মোখলেছুর রহমান
আসন্ন ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৬-এ ইতালির রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। এক নারীসহ মোট পাঁচজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কাউন্সিলর পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কুমিল্লার তিন কৃতি সন্তান বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

প্রার্থীরা মূলধারার ইতালীয় রাজনৈতিক দলগুলোর হয়ে নির্বাচনে অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের অধিকার, নাগরিক সুবিধা ও কমিউনিটির উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ভেনিসে বসবাসরত প্রায় ২০ হাজার বাংলাদেশির সক্রিয় অংশগ্রহণ ইতালির স্থানীয় রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Post Inside

নির্বাচনে অংশগ্রহণকারী কুমিল্লার প্রার্থীদের মধ্যে রয়েছেন মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার কৃতি সন্তান, ব্যবসায়ী ও আর্কিটেক্ট নেমাল চৌধুরী। তিনি “তুত্তা লা চিত্তা ইনসিয়েমে” দলের হয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় প্রজন্মের এই বাংলাদেশি ২০০১ সাল থেকে ভেনিসে বসবাস করছেন।

এ ছাড়া কুমিল্লার হোমনা উপজেলার সন্তান ব্যবসায়ী মনোয়ার ক্লার্ক “ভেনেজিয়া এ তোয়া” দলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। দীর্ঘ ২৩ বছর ধরে ভেনিসে বসবাসরত মনোয়ার ক্লার্ক দ্বিতীয়বারের মতো প্রার্থী হয়েছেন। এর আগে ২০২০ সালের নির্বাচনে তিনি মাত্র ২২ ভোটের ব্যবধানে কমিশনার পদে পরাজিত হন।

অন্যদিকে দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান নুরে আলম “পিডি” দলের মনোনয়নে মিউনিসিপ্যাল কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তিনি নির্বাচনী প্রচারণা শেষ করেছেন।

আগামী ২৪ ও ২৫ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে কুমিল্লার সন্তানরা ভেনিস কমিউনিটিতে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হতে পারেন কি না, তা নিয়ে প্রবাসী কুমিল্লাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা বিরাজ করছে।

আরো পড়ুন
error: Content is protected !!