
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মনোহরগঞ্জে শিক্ষার্থীদের স্মার্টফোনে আসক্তি, অনলাইন জুয়া, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক মতবিনিময় সভা ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) উপজেলার মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফায়েত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর হাওলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম শেখ কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সংগঠনের সদস্য মোহাম্মদ ইয়াছিন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, অনলাইন জুয়া ও মাদকের বিস্তার শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থেকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতন হওয়ার শপথ পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটির সদস্যরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রতি মাসে নিজেদের একদিনের টিফিনের টাকা সঞ্চয় করে স্বেচ্ছায় গত ১৫ বছরে দেশের প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।