
জহিরুল হক বাবু।।
মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এবার স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ কে এম সাইফুল ইসলাম টিপু। মাদক কারবারি ও সেবনকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন তিনি।
তাঁর ঘোষণা অনুযায়ী, কোনো মাদক কারবারিকে ধরিয়ে দিতে পারলে দেওয়া হবে ১০ হাজার টাকা এবং মাদকসেবীকে ধরিয়ে দিলে ৫ হাজার টাকা।

শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন এ কে এম সাইফুল ইসলাম টিপু। পোস্টে তিনি বুড়িচং উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, বুড়িচংকে মাদকমুক্ত করতে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করতে তিনি ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মাদকের বিরুদ্ধে কার্যকর ও সাহসী ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
ঘোষণায় বলা হয়, কোনো মাদক কারবারিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিয়ে পুলিশি হস্তান্তর নিশ্চিত করা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। একইভাবে কোনো মাদকসেবীকে পুলিশের কাছে হস্তান্তর নিশ্চিত হলে দেওয়া হবে ৫ হাজার টাকা।
এ কে এম সাইফুল ইসলাম টিপুর এমন উদ্যোগকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিতে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এ পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ কে এম সাইফুল ইসলাম টিপু তাঁর পোস্টে বুড়িচংয়ের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাঁর ভাষ্য, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করে বুড়িচংকে মাদকমুক্ত করা সম্ভব।