
মোঃ ইয়াছিন মিয়া।।
কুমিল্লা নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কুমিল্লা হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন মানবিক কুমিল্লা।
মঙ্গলবার (১৮ আগস্ট) কুমিল্লা হাই স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। পরে অতিথিরা কুমিল্লা হাই স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র নেতা সারোয়ার জাহান দোলন, কুমিল্লা মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান দুলাল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ সরকার নিপু, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফখরুল আলম উল্লাস, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হাসান, কিশোর দেবনাথ, জিয়াউল আলম তিতাস, কামরুল আহসান মামুনসহ জেলা বিএনপি, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।