সুবিচার ও নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহর

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড ইসলামপুরের বাসিন্দা ও মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র তার দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত, সুবিচার এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে তিনি একটি লিখিত আবেদন দাখিল করেছেন।

জানা যায়, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের করা তার দুটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলার এফআইআর নম্বর ৪১ (জি আর নং–৮৫০, তারিখ: ১৪ নভেম্বর ২০২৪) এবং অপর একটি দস্যুতা মামলার এফআইআর নম্বর ৫১ (জি আর নং–৮১২, তারিখ: ১৬ অক্টোবর ২০২৫)।

Post Inside

মওদুদ আব্দুল্লাহ অভিযোগ করেন, ২০১৭ সালের ৩ মে থেকে শুরু করে ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ঘটনায় তিনি একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এসব ঘটনায় পেশাগত কাজে বাধা, চাঁদা দাবি, হামলা, অস্ত্র প্রদর্শন এবং প্রকাশ্যে মারধরের মতো ঘটনার শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, এক ঘটনায় মোটরসাইকেলে হেলমেটধারী কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে তাকে মারধর করে আহত করে এবং তার ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া ভবিষ্যতে সম্ভাব্য নাশকতামূলক অপপ্রচার, তথ্য বিভ্রান্তি ও চক্রান্তের আশঙ্কায় নিরাপত্তা চেয়ে তিনি ১৩ মার্চ ২০২৬ তারিখে অনলাইন জিডি (নম্বর–৯৫৩) করেছেন।

অপরাধীদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের রিসিভড ডকেট নম্বর ৩৪৩৯ (ই-তথ্য কেন্দ্র), তারিখ: ১ মার্চ ২০২৬। একইসঙ্গে কুমিল্লা পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন, যার রিসিভড স্মারক সূত্র নম্বর ১৫৭০/এম, তারিখ: ১ মার্চ ২০২৬।

মওদুদ আব্দুল্লাহ জানান, তার দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনসহ বিভিন্ন সংস্থার কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি প্রদান করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরো পড়ুন
error: Content is protected !!