
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় ১৮ বছরের সংসার ভেঙে এক প্রবাসীর সঙ্গে গৃহবধূ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঘর থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার স্বামী। এ ঘটনায় স্ত্রী, শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী আবদুস সালাম।
অভিযোগে জানা যায়, ২০০৭ সালে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের দরবেশ মার্কেট এলাকার শাহিনুর বেগমের সঙ্গে আবদুস সালামের বিয়ে হয়। তাদের সংসারে ১৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

স্বামীর অভিযোগ, দীর্ঘদিন ধরে শাহিনুর মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী পিপুলিয়া বাজার এলাকার প্রবাসী মো. সাহিবের সঙ্গে যোগাযোগ রাখতেন। বিষয়টি স্বামীর কাছে প্রকাশ হলে সংসারে কলহ শুরু হয়। এ নিয়ে স্ত্রী তাকে ও সন্তানকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতেন বলেও অভিযোগ করেন আবদুস সালাম।
অভিযোগে আরও বলা হয়, গত ৩১ আগস্ট বিকেলে আবদুস সালাম ব্যবসার কাজে বাইরে থাকার সুযোগে শাহিনুর ঘর থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বের হয়ে যান। পরে স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি ওই প্রবাসীর সঙ্গে চলে গেছেন।
এ ঘটনায় শাহিনুরের মা আলেয়া বেগমের বিরুদ্ধেও মেয়েকে কু-পরামর্শ ও প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে।
আবদুস সালাম বলেন, “সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার স্ত্রী নিজের ভুল স্বীকার করে ফিরে এলে আমি তাকে আবারও সংসারে গ্রহণ করতে প্রস্তুত।” তবে স্ত্রীকে খুঁজে বের করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত শাহিনুর বেগম ও তার মা আলেয়া বেগমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।