মোঃ বাছির উদ্দিন।।
এসএসসি পরীক্ষার পর পেরিয়ে গেছে দীর্ঘ ৩৩ বছর। কৈশোরের সেই ১৬ বছরের সহপাঠীরা আজ জীবনের নানা দায়িত্বে পঞ্চাশোর্ধ্ব। সময়ের সঙ্গে বদলে গেছে চেহারা ও জীবনধারা, তবে বদলায়নি বন্ধুত্বের টান। সেই প্রাণের বন্ধনেই আবার একত্রিত হলেন এসএসসি-৯২ ব্যাচের বন্ধুরা।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এসএসসি-৯২ ব্যাচের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্মরণীয় মিলনমেলা।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রয়াত বন্ধুদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্কুল জীবনের স্মৃতি ফিরিয়ে আনতে সবাই একসঙ্গে জাতীয় সংগীতে অংশ নেন। পরিচিতি পর্বে বহুদিন পর মুখোমুখি হয়ে আবেগে ভাসেন বন্ধুরা।
মিলনমেলার আয়োজনে ছিল সংবর্ধনা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, স্মৃতিচারণা, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দিনব্যাপী এই আয়োজনে আনন্দ, স্মৃতি ও আবেগে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, “স্কুল জীবনের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। এই মিলন আমাদের পুরোনো স্মৃতি ফিরিয়ে আনার পাশাপাশি ভবিষ্যতে একে অপরের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার।”
দীর্ঘ তিন দশক পর প্রাণের বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার এই আয়োজন সবার মনে রেখে গেছে এক অনন্য ও আবেগঘন স্মৃতি।