জহিরুল হক বাবু।।
দলীয় ঐক্য ও সাংগঠনিক স্বার্থকে প্রাধান্য দিয়ে কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়ে নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সোমবার বিকেল পাঁচটার মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।
সংবাদ সম্মেলনে হাজী ইয়াছিন জানান, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দলের পক্ষ থেকে তাকে কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্বের এই আস্থা ও দায়িত্ববোধ থেকেই তিনি ব্যক্তিগত নির্বাচনী সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “আমি দীর্ঘ ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতি করি। দলের আদর্শ বাস্তবায়ন ও দলকে ক্ষমতায় আনার লক্ষ্যেই আমার রাজনীতি। নির্বাচন দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেটিকে সম্মান জানিয়ে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করছি।” তিনি আরও বলেন, সকালে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় বিকেল পাঁচটার মধ্যে তা সম্পন্ন করা হবে।
সংবাদ সম্মেলনে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী বলেন, “আজ কুমিল্লার রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। দীর্ঘদিনের বিভাজনের অবসান ঘটেছে। হাজী ইয়াছিনের সঙ্গে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সমঝোতা কুমিল্লার রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।” তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে কুমিল্লাকে এগিয়ে নেওয়ার স্বপ্ন বাস্তবায়নে সবাই একযোগে কাজ করবেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, “চেয়ারম্যানের আহ্বানে হাজী ইয়াছিন যে ত্যাগ স্বীকার করেছেন, তা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বে কুমিল্লার ছয়টি আসনে আমরা বিজয়ী হব বলে আমি আশাবাদী। দল নিশ্চয়ই এই ত্যাগের যথাযথ মূল্যায়ন করবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের প্রার্থী মো. জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দলীয় নেতৃত্বের নির্দেশে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কুমিল্লার রাজনীতিতে নতুন করে ঐক্য ও সমন্বয়ের বার্তা ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।