জহিরুল হক বাবু।।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮০ জন প্রার্থী। আর মাত্র এক দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে জেলার সবকটি আসনকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে ভোটের দিনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও করণীয় বিষয়ে সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান।
মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি জানান, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ২৬ হাজার ৩৩৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছে ৩ হাজার ৯৭৯ জন পুলিশ সদস্য, ২ হাজার ৫০ জন সেনাবাহিনীর সদস্য, ৫০০ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য এবং ১৯ হাজার ৩৮৩ জন আনসার সদস্য।
পুলিশ সুপার আরও জানান, নির্বাচনকালীন সময়ে জেলা প্রশাসনের ৬৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি সংসদীয় আসনে র্যাবের ২০ জন করে সদস্য নিয়মিত টহলে নিয়োজিত থাকবেন।
ভোটের দিন যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিহত করতে পুলিশের স্ট্রাইকিং ফোর্স, স্ট্যান্ডবাই টিম, টহল টিম ও পেট্রোল টিম সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে আশ্বস্ত করেন পুলিশ সুপার।