কুমিল্লায় ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে চাঁদাবাজি, প্রতারক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু

মোঃ ইয়াছিন মিয়া।।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভুয়া ওয়ারেন্ট ও জাল কাগজপত্রের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। আদালত ও প্রশাসনের নাম ভাঙিয়ে সুপরিকল্পিতভাবে সাধারণ মানুষকে আইনি জালে ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল চক্রটির মূল উদ্দেশ্য।

অভিযোগ সূত্রে জানা যায়, চক্রটি “মওদুদ” নাম ব্যবহার করে কোনো ধরনের তদন্ত বা বৈধ আইনি প্রক্রিয়া ছাড়াই ভুয়া মামলার ওয়ারেন্ট প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতো। নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাদা কাগজে প্রস্তুতকৃত জাল নথি উপস্থাপন করে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করা হতো। এতে বহু মানুষ আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।

Post Inside

এ ঘটনায় প্রতিকার চেয়ে এবং প্রকৃত তথ্য উপস্থাপন করে বাংলা নিউজ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের গুরুত্ব বিবেচনায় থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নির্দেশে সেকেন্ড অফিসার (অপারেশন) ও সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা বিষয়টি সরেজমিনে তদন্ত শুরু করেন। তদন্তের অংশ হিসেবে আদালতের বালাম বহি ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হয়। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, “মওদুদ” নাম ব্যবহার করে উপস্থাপিত মামলার কাগজপত্র ও ওয়ারেন্ট সম্পূর্ণ ভুয়া এবং জালিয়াতির মাধ্যমে প্রস্তুত।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জালিয়াতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে। চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এমন প্রতারণা প্রতিরোধে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কোনো ওয়ারেন্ট বা অভিযানের মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।

আরো পড়ুন
error: Content is protected !!