কুমিল্লায় সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ; ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার।।
পবিত্র রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, নিষিদ্ধ রং ব্যবহার এবং ভেজাল উপাদান মেশানোর অভিযোগে ‘কাশফুল ফুড প্রডাক্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Post Inside

দুপুরে কারখানাটিতে ঝটিকা অভিযান চালিয়ে কর্মকর্তারা দেখতে পান, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। শিশুখাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ শিল্প-রং ব্যবহার করা হচ্ছিল। এছাড়া উৎপাদিত সফট ড্রিংক পাউডারে (ট্যাংক) অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত এসপারটাম মেশানো হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

অভিযানকারী দল জানায়, কোনো বৈধ হালাল সনদ না থাকা সত্ত্বেও পণ্যের মোড়কে ‘হালাল’ লোগো ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।

এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. জুয়েল মিয়া ও ক্যাব কুমিল্লার প্রতিনিধি মো. কাজী মাসুদ আলম। অভিযানে সহযোগিতা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সিপিসি কুমিল্লার একটি দল।

ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ও রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান মাসব্যাপী অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!